বিএনএফ থেকে নিবৃত্ত না হলে হুদার বিরুদ্ধে ব্যবস্থা
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ বিএনএফের কর্মকাণ্ড থেকে নাজমুল হুদাকে নিবৃত্ত হওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেন, বিএনএফকে নিয়ে নাজমুল হুদা যা করছেন, তা নৈতিকতা-বিরোধী ও গর্হিত কাজ। এর থেকে নিবৃত্ত না হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ এ হুঁশিয়ারি জানান।
বিএনএফের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে এ সংবাদ সম্মেলন করা হয়। তিন পৃষ্ঠার নির্বাচনী ইশতেহারে বলা হয়, ক্ষমতায় গেলে একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থার লক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সার্বভৌম জাতীয় সংসদের সমন্বয়ে ‘মিশ্র পদ্ধতির সরকার’ গঠন ও ‘মিশ্র অর্থব্যবস্থা’ অনুসরণ করবে বিএনএফ।
আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনএফ প্রতিষ্ঠায় নাজমুল হুদার কোনো ভূমিকা ছিল না। নির্বাচন কমিশনে দলের নিবন্ধনে তাঁর নামগন্ধও নেই। গত বছরের ১২ মার্চ তাঁকে বহিষ্কার করা হয়। এরপর তিনি বিএনএফ বিলুপ্ত করার ঘোষণা দিয়ে বিএনপিতে যান। এখন আবার বিএনএফে ফেরার ঘোষণা দিয়ে তিনি ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি করছেন।’
এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে করে বিএনএফের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার কথা জানান নাজমুল হুদা।