বিএনএফ দিয়ে বিএনপি ঠেকানোর ষড়যন্ত্র চলছে: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

বিএনএফের মাধ্যমে বিএনপির অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আজ রোববার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মোশাররফ এই অভিযোগ করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ওই মেলার আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, অতীতে একাধিকবার বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কেউ সফল হয়নি। বরং বিএনপি আরও জনপ্রিয় হয়েছে। এখন বিএনএফের মাধ্যমে বিএনপির অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে।
দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে—মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, নিজেদের পায়ের নিচে মাটি নেই বুঝতে পেরে আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাচ্ছে। দেশের মানুষ নির্বাচন নিয়ে উত্কণ্ঠায় আছে। তিনি বলেন, ‘বিএনপির চ্যালেঞ্জ গণতন্ত্র অক্ষুণ্ন রাখা।’ তিনি নির্দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য দলীয় নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব এম এ সালাম প্রমুখ আলোচনায় অংশ নেন।