চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দুজন। এর মধ্যে বিএনএফ–সমর্থিত প্রার্থীর সরে দাঁড়ানো নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার দুপুরে চেয়ারম্যান পদপ্রার্থী নারায়ণ রক্ষিত প্রার্থিতা প্রত্যাহারে আবেদন করেছেন বলে জানান জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। যদিও প্রার্থী নিজে বিষয়টি অস্বীকার করেছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। তিনি জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রশাসক। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী নারায়ণ রক্ষিত বিএনএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি।
প্রার্থিতা প্রত্যাহারে কোনো আবেদনপত্র জমা দেননি বলে প্রথম আলোর কাছে দাবি করেছেন নারায়ণ রক্ষিত। গতকাল রাতে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আগামীকাল (আজ) বলব। এটি রিউমার (গুজব)। প্রতিপক্ষের লোকজন গুজব ছড়াচ্ছে।’
এ বিষয়ে এম এ সালাম বলেন, নারায়ণ রক্ষিত মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে তিনি শুনেছেন।
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী নারায়ণ রক্ষিত প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জানিয়ে একটি পত্র আজ আমার কাছে দিয়েছেন।’