বিএনএফকে নিবন্ধন না দেওয়ার আবেদন হুদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে (বিএনএফ) নিবন্ধিত না করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা ও বিএনপির সাবেক নেতা নাজমুল হুদা।
প্রধান নির্বাচন কমিশনারের কাছে লেখা এই আবেদনপত্রটি তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের কাছে হস্তান্তর করেন।
নাজমুল হুদা সাংবাদিকদের বলেন, ‘আমি এখন দলটিতে নেই। আমি বিএনপিতেই আছি। বিএনএফের আহ্বায়ক হিসেবে বিএনপির নেতা-কর্মীদের বিভ্রান্তি দূর করতে দলটিকে বিলুপ্ত ঘোষণা করেছি। ইসিকেও নিবন্ধন না দিতে অনুরোধ করছি।’
বিএনপির নেতা নাজমুল হুদা আরও জানান, বিএনএফের কোনো কমিটিতেই না থাকায় তাঁর আবেদন বিবেচনায় নেওয়া হবে কি না, তা ইসির ওপর নির্ভর করছে। তিনি নিজেকে বিএনপির প্রাথমিক সদস্য বলে দাবি করেন।