বিএনএফকে নিয়ে আ.লীগের জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে (বিএনএফ) নিয়ে ছয়দলীয় সংসদীয় জোট গঠন করেছে আওয়ামী লীগ। সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে আজ রোববার আওয়ামী লীগ এই জোটের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

এই জোটের বাকি চারটি দল হলো—ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জেপি) ও বাংলাদেশ তরীকত ফেডারেশন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সই করা এক চিঠিতে কমিশনকে ছয়দলীয় এই জোট গঠনের ব্যাপারে জানানো হয়েছে। দুপুরে দলটির নির্বাচন পরিচালনা উপকমিটির সদস্য রিয়াজুল কবীর কায়সার ও ফজিলাতুন নেসা বাপ্পি চিঠিটি কমিশনে জমা দেন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বিএনএফকে নিবন্ধিত করে। এই দলটিকে নিবন্ধিত না করার জন্য বিএনপি নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছিল।
এ ছাড়াও আজ জাতীয় পার্টি জানিয়েছে, তারা সংসদে কোনো জোট গঠন না করে এককভাবে থাকবে। তবে ১৬ জন স্বতন্ত্র সাংসদ জোট গঠনের কথা জানিয়ে কমিশনকে একটি চিঠি দিয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক আজ সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলো জোটগত অবস্থান জানিয়ে চিঠি দিয়েছে। এটি কমিশনে উপস্থাপন করা হবে। কবে তফসিল হবে, তা কমিশন সিদ্ধান্ত দেবে।
তবে সূত্র জানিয়েছে, দল ও জোটের তালিকা চূড়ান্ত হওয়ার পর চলতি সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৩৪টি আসনে জয় পেয়েছে। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-১ ও ২ আসনের ফলাফল গেজেটে প্রকাশ করা হয়নি। সম্প্রতি মারা গেছেন টাঙ্গাইল-৮ আসনের সাংসদ শওকত মোমেন শাহজাহান। যে কারণে বর্তমান সংসদে আওয়ামী লীগের ২৩১টি আসন রয়েছে। এ ছাড়া বিরোধী দল জাতীয় পার্টি ৩৪টি, ওয়ার্কার্স পার্টি ৬টি, জাসদ ৫টি, জাতীয় পার্টি (জেপি) ২টি, বাংলাদেশ তরীকত ফেডারেশন ২টি ও বিএনএফ একটি আসন পেয়েছে। ১৬ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
আইন অনুযায়ী সংসদে পাওয়া আসনের সংখ্যানুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। এরপর দলের অনুকূলে যে কটি আসন বরাদ্দ হবে, তাতে দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।