বিএনএফকে বিলুপ্ত ঘোষণা করলেন নাজমুল হুদা
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের অপেক্ষায় থাকা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নাজমুল হুদা।
গতকাল সোমবার রাজধানীর তোপখানা রোডে নিজের আইন পেশার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এ ঘোষণা দেন। তিনি দাবি করেন, তিনিই বিএনএফকে পুনরুজ্জীবিত করেন। তিনি সংগঠনটির আহ্বায়ক হিসেবে সংবাদ সম্মেলন করে বলেন, তাঁর এ ঘোষণার পর রাজনৈতিক দল হিসেবে বিএনএফের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আর কোনো অধিকার নেই।
নাজমুল হুদা বলেন, ‘জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনএফকে আমি পুনরুজ্জীবিত করেছিলাম। উদ্দেশ্য ছিল বিএনপিকে ধ্বংস নয়, ১৮-দলীয় ঐক্যজোটের সঙ্গে সংযুক্ত হয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় পৌঁছানো। কিন্তু প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ সে উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে অপচেষ্টা চালাচ্ছেন। এ অপচেষ্টা প্রতিহত করার জন্য আহ্বায়ক হিসেবে বিএনএফ বিলুপ্ত ঘোষণা করছি।’ তিনি বিএনএফের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে করা আবেদন প্রত্যাহারের ঘোষণা দেন।