বিএনএফের প্রথম সংবাদ সম্মেলনেই হট্টগোল, বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলন থেকে বিএনএফের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মজলিশকে বহিষ্কার করা হয়। ছবি: ফোকাস বাংলা
সংবাদ সম্মেলন থেকে বিএনএফের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মজলিশকে বহিষ্কার করা হয়। ছবি: ফোকাস বাংলা

নিবন্ধন পাওয়ার পাঁচ দিনের মাথায় হট্টগোল আর বহিষ্কারের ঘটনা ঘটল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সংবাদ সম্মেলনে। দলটির সভাপতি আবুল কালাম আজাদ পদের ‘ক্রমানুসারে’ নাম না বলার প্রতিবাদ করায় বহিষ্কারের শিকার হলেন দলটির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, সংবাদ সম্মেলনের শুরুতে বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদ ক্রমানুসারে সবার নাম বলছিলেন। যুগ্ম আহ্বায়ক নাজমুল আহসান, মেহজাবিন ওয়াহিদ ও আঞ্জুমান সালাহউদ্দিনের নাম পর পর বলেন। কিন্তু সভাপতি অপর যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম খান মজলিশের নাম বাদ দিয়ে কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর নাম বলেন। এ সময় ক্রমানুসারে নাম বলার প্রতিবাদ করে এর কারণ জানতে চান মোয়াজ্জেম। এ সময় সভাপতি ১০ মিনিটের জন্য সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

সভাপতি আবুল কালাম আজাদ এ সময় মোয়াজ্জেমকে চুপ থাকতে বলেন। পরে মোয়াজ্জেম বলেন, কোনো সংগঠন সভাপতির একক নির্দেশে চলতে পারে না। এটা এক ব্যক্তির সংগঠন নয়। তখন আবুল কালাম আজাদ বলেন, সংগঠনের গঠনতন্ত্রে যুগ্ম আহ্বায়কের ওপরে কোষাধ্যক্ষের অবস্থান। মোয়াজ্জেম বলেন, তাহলে কোষাধ্যক্ষের আগে যুগ্ম আহ্বায়কদের নাম বলা হলো কেন? এর কোনো উত্তর না দিয়ে মোয়াজ্জেমকে আজাদ বলেন, ‘আমি শেষবারের মতো বলছি, আপনি চুপ করেন।’ তখন মোয়াজ্জেম উঠে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেন।

তখন উত্তেজিত আজাদ মোয়াজ্জেমকে বলেন, ‘সংগঠনের দেওয়া একক ক্ষমতাবলে এই মুহূর্তে দলের আপনার প্রাথমিক সদস্যপদসহ সাসপেন্ড (বহিষ্কার) করা হলো। নাউ ইউ শ্যুড গো (এখন আপনাকে যেতে হবে)।’ কিন্তু সংবাদ সম্মেলন থেকে যেতে অস্বীকৃতি জানান মোয়াজ্জেম। পরে আজাদের লোকজন এসে মোয়াজ্জেমকে বিএনপির দালাল অ্যাখ্যা দিয়ে হেনেহিঁচড়ে সংবাদ সম্মেলনস্থল থেকে বের করে দেন। ১৮ নভেম্বর নির্বাচন কমিশন বিএনএফকে নিবন্ধন দেয়। নিবন্ধন পাওয়ার পাঁচ দিনের মাথায় এ ঘটনা ঘটল।

পরে শুরু হয় সংবাদ সম্মেলন। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পর্যাপ্ত দলীয় প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে ২৪ জানুয়ারির পরে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। দলটির দাবি, এতে সংবিধানের লঙ্ঘন হবে না।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের উদ্দেশে বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। কাউকে মাইনাস করে নির্বাচন করা ঠিক হবে না। তাদের বাদ দিয়ে যে নির্বাচন হবে, তা স্থায়িত্ব পাবে না। নির্বাচন কমিশন একবার তফসিল ঘোষণা করে আবার যেন পুনঃতফসিল ঘোষণা না করে। এতে জনগণের মনে শঙ্কা তৈরি হবে।

বিএনএফের সভাপতি বলেন, ‘সব দল যেন নির্বাচনে অংশ নেয়, সে চেষ্টা বিএনএফ অব্যাহত রাখবে। আমরা যেহেতু একটি নিবন্ধিত দল, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

আবুল কালাম আজাদ বলেন, ‘৪২ বছর ধরে সব দল ক্ষমতার জন্য রাজনীতি করে আসছে। তবে মওলানা ভাসানী যেমন ক্ষমতা চাইতেন না, তেমনি আমরাও ক্ষমতা চাই না। কারণ ক্ষমতা মানুষকে ভালো কাজ করতে দেয় না।’

আবুল কালাম আজাদ বলেন, ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বর গণবিজ্ঞপ্তি জারির পর কোনো রাজনৈতিক দল এটা নিয়ে আপত্তি তোলেনি। ফলে ১৮ নভেম্বর বিএনএফকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। কোনো আপত্তি না তোলায় বিএনপিকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আবুল কালাম আজাদ বলেন, ‘এরশাদ একজন স্বৈরশাসক ও সাবেক সেনা কর্মকর্তা। তিনি একজন বড় পরিকল্পনাকারী। কখন কী করেন, ঠিক নেই। তাঁর থেকে আপনি সাবধান থাকুন।’ এরশাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার চালাকি মানুষ ধরে ফেলেছে। আর চালাকি চলবে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনএফের সহ-আহ্বায়ক জাহানারা বেগম, সদস্যসচিব আরিফ মাঈনুদ্দিন প্রমুখ।