বিএনএফের প্রথম সংবাদ সম্মেলনেই হট্টগোল, বহিষ্কার

নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর হট্টগোল আর বহিষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনএফ) প্রথম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো।
গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নিবন্ধন-পরবর্তী পরিচিতিমূলক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনএফ। এতে নাম ও পদবি ঘোষণা নিয়ে বিএনএফের নেতাদের মধ্যে হট্টগোল হয়। কিছুক্ষণ সংবাদ সম্মেলন স্থগিত রেখে তাত্ক্ষণিক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মজলিসকে বহিষ্কার করা হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে বিএনএফের প্রধান সমন্বয়ক ও সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত নেতাদের নাম ও পদবি বলে ক্রমানুসারে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। পরপর যুগ্ম আহ্বায়ক নাজমুল আহসান, মেহজাবিন ওয়াহিদ ও আঞ্জুমান সালাহউদ্দিনের নাম বলেন। কিন্তু অপর যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মজলিসের নাম বাদ দিয়ে কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর নাম বলা হয়। মোয়াজ্জেম খান সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে এর প্রতিবাদ করেন এবং কারণ জানতে চান। এ সময় তাঁকে চুপ থাকতে বলেন আবুল কালাম আজাদ। এ সময় হট্টগোল শুরু হলে বিএনএফের সভাপতি ১০ মিনিটের জন্য সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেন।
তখন মোয়াজ্জেম খান বলেন, এটা এক ব্যক্তির সংগঠন নয়। কোনো একক নির্দেশে এটা চলতে পারে না।
এ পর্যায়ে আবুল কালাম আজাদ বলেন, সংগঠনের গঠনতন্ত্রে যুগ্ম আহ্বায়কের ওপরে কোষাধ্যক্ষের অবস্থান। মোয়াজ্জেম জানতে চান, তাহলে কোষাধ্যক্ষের আগে অন্য যুগ্ম আহ্বায়কদের নাম বলা হলো কেন?
আবুল কালাম তখন হুংকার দিয়ে বলেন, ‘আমি শেষবারের মতো বলছি আপনি চুপ করেন।’ মোয়াজ্জেম উত্তেজিত কণ্ঠে এর প্রতিবাদ করতে থাকলে আবুল কালাম বলেন, ‘সংগঠনের দেওয়া একক ক্ষমতাবলে আপনাকে এই মুহূর্তে দলের প্রাথমিক সদস্যপদসহ সাসপেন্ড করা হলো। নাউ ইউ শুড গো।’
মোয়াজ্জেম বের হতে অস্বীকৃতি জানান। তখন আবুল কালামের পক্ষে কিছু ব্যক্তি এসে মোয়াজ্জেমকে বিএনপির দালাল আখ্যা দিয়ে টেনেহিঁচড়ে সংবাদ সম্মেলনস্থল থেকে বের করে দেন।
এরপর সংবাদ সম্মেলন আবার শুরু করা হয়। বক্তব্য দেন বিএনএফের সভাপতি আবুল কালাম আজাদ। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পর্যাপ্ত দলীয় প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে ২৪ জানুয়ারির পরে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। তিনি এরশাদের বিষয়ে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘এরশাদ একজন স্বৈরশাসক ও সাবেক সেনা কর্মকর্তা। তিনি একজন বড় প্ল্যানার। কখন কী করেন, ঠিক নেই। তাঁর কাছ থেকে আপনি সাবধান থাকুন।’
প্রথমে ‘গমের শীষ’, পরে ‘ধানগাছ’ প্রতীক চেয়ে বিতর্কিত বিএনএফকে নিবন্ধন না দিতে গত ১১ জুলাই বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়। বিএনপি অভিযোগ করে, বিএনপিকে ভাঙার লক্ষ্যে সরকার গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বিএনএফকে দাঁড় করানো হচ্ছে।
অবশ্য নির্বাচন কমিশন বিএনপির এ অভিযোগ আমলে নেয়নি। বরং নিবন্ধিত করতে বিএনএফকে তিন দফায় সুযোগ দেওয়া হয়, যা আইনেও নেই। ১৮ নভেম্বর বিএনএফকে নিবন্ধনের সনদ দেয় নির্বাচন কমিশন।