বিএনএফের বিলুপ্তি ঘোষণা করলেন নাজমুল হুদা

বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) আহ্বায়ক হিসেবে এর বিলুপ্তি ঘোষণা করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। আজ সোমবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
নাজমুল হুদা বলেন, ‘আমি এই দলটির প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলাম, আর আমি নিজেই এর বিলুপ্তির ঘোষণা দিচ্ছি। যে উদ্দেশ্য নিয়ে আমি বিএনএফকে সুপ্ত অবস্থা থেকে পুনরুজ্জীবিত করেছিলাম, দলটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আযাদ সেই উদ্দেশ্যকে সম্পূর্ণরূপে নস্যাত্ করে বিএনপিকে ধ্বংস করার প্রত্যয়ে লিপ্ত রয়েছেন। এ অবস্থা চলতে দেওয়া যায় না। জনগণের মধ্যে বিএনএফ নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তা নিরসনের লক্ষে বিএনএফ বিলুপ্তি করা হয়েছে।’
লিখিত বক্তব্যে নাজমুল হুদা বলেন, ‘বিএনএফের আহ্বায়ক হিসেবে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আমার অধীনে বিএনএফের যে নিবন্ধনের আবেদন করা হয়েছিল, তা নাকচ করে দিন। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি তা প্রত্যাহার করে নিচ্ছি।’
সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনএফকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছিলাম। উদ্দেশ্য ছিল বিএনপিকে ধ্বংস করা নয়, ১৮-দলীয় জোটের সঙ্গে সংযুক্ত হয়ে ১৯-দলীয় জোটের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় পৌঁছে দেওয়া।
বিএনএফ থেকে তাঁকে বহিষ্কারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির সাবেক এই নেতা বলেন, ‘আমি বিএনএফের ঘোষণা দিয়েছিলাম এবং বর্তমানে যাঁরা আছেন, তাঁদের নিয়োগ দিয়েছিলাম। এ সংগঠন থেকে আমাকে বহিষ্কারের কোনো আইনগত ভিত্তি তাঁদের নেই। সে জন্য তাঁরা আমাকে বহিষ্কার করলেও আমি এর কোনো প্রতিবাদ করিনি। আমি বিএনএফের আহ্বায়ক হিসেবে এ সংগঠনের বিলুপ্তি ঘোষণা করছি। এখন তাঁরা মানবেন কি মানবেন না, এটা তাঁদের বিষয়। তাঁরা চাইলে মামলা করতে পারেন। নির্বাচন কমিশনের শর্ত মেনে নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। এ বিষয়ে আমার বলার কিছু নেই।’
অপর এক প্রশ্নের জবাবে বহুল আলোচিত নাজমুল হুদা বলেন, ‘দুই নেত্রী এক টেবিলে বসে আলোচনার আলটিমেটাম দিয়ে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছিলাম। কিন্তু আমার পদত্যাগপত্র গৃহীত হয়েছে—এমন কোনো চিঠি পাইনি। এর পরে ম্যাডাম যখন শেখ হাসিনাকে আলোচনার আহ্বান জানান, তখন আমি আমার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিই। আমি বিএনপিতে ছিলাম বিএনপিতেই আছি। বিএনপি থেকে আমার অবস্থান টলানো এত সহজ নয়।’ আগামী নির্বাচনে তিনি বিএনপি থেকেই মনোনয়ন চাইবেন বলে মত দেন নাজমুল হুদা। বিএনপি মনোনয়ন দিলে রেকর্ড পরিমাণ ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন দোহার এলাকার সাবেক এই সাংসদ।
নাজমুল হুদা বলেন, ‘বর্তমান সংকট নিরসনের একমাত্র উপায় হচ্ছে দুই নেত্রীকে এক টেবিলে বসানো। এর জন্য একটি রিট পিটিশন করেছিলাম। এ মাসের ২৬ তারিখে তার শুনানি হবে।’ তিনি বলেন, আদালত চাইলে দুই নেত্রীকে এক টেবিলে বসার বিষয়ে রুল জারি করতে পারেন। রুল জারি করলে তা দুই নেত্রী মানতে বাধ্য।
এ বছর ১১ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাজমুল হুদাকে বিএনএফের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করেন সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহানারা বেগম, প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব আরিফ মাইনুদ্দিনকে।