বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩২৮ জনের বিরুদ্ধে মামলা
লালমনিরহাট, জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলায় রোববার হরতাল চলাকালে সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩২৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;লালমনিরহাট: হরতাল চলাকালে স্থলপথ ও রেলপথে প্রতিবন্ধকতা সৃষ্টি, জেলা প্রশাসনের গাড়ির ক্ষতিসাধন ও জেলা শহরের মিশন মোড় চত্বরে শক্তির মহড়া প্রদর্শন করে ত্রাস সৃষ্টির অভিযোগে বিএনপির স্থানীয় ৩০০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। লালমনিরহাট সদর থানার পুলিশ বাদী হয়ে রোববার রাতে মামলা দুটি করে। জয়পুরহাট: জেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ও ছাত্রদলের সভাপতি গোলজার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের এক ব্যবসায়ী ওই মামলা দায়ের করেন। হরতাল চলাকালে শহরের বাটার মোড় এলাকায় ব্যবসায়ী আবদুল্লাহ আল মাসুমের দোকান ভাঙচুরের অভিযোগে এ মামলা করা হয়। আক্কেলপুর (জয়পুরহাট): জয়পুরহাট-২ আসনের বিএনপিদলীয় সাংসদ গোলাম মোস্তফার বড় ভাই মাহবুবউল আলমসহ বিএনপির ২৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে রোববার মামলা হয়েছে। উপজেলার চাপাগাছি গ্রামের রফিকুল ইসলাম আক্কেলপুর থানায় মামলাটি করেন।