বিএনপি, যুবলীগের সভায় পুলিশের নিষেধাজ্ঞা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি ঈদগাহ মাঠে গতকাল শনিবার বিএনপির দুটি পক্ষ ও যুবলীগ সভা আহ্বান করায় সেখানে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে কোনো পক্ষই সেখানে সমাবেশ করতে পারেনি।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান দড়িকান্দি ঈদগাহ মাঠে গতকাল বিকেলে ইউনিয়ন শ্রমিক দলের সভা আহ্বান করেন। পরে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরও সেখানে একই সময়ে ইউনিয়ন বিএনপির কর্মিসভার ঘোষণা দেন। এরপর একই স্থানে সনমান্দি ইউনিয়ন যুবলীগের সভা আহ্বান করা হয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। তিন পক্ষকেই সেখানে সমাবেশ না করতে বলা হয়েছে। সোনারগাঁ উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান বলেন, ‘আমরা সোনারগাঁ থানার অনুমতি নিয়ে দড়িকান্দি ঈদগাহ মাঠে ইউনিয়ন শ্রমিক দলের কর্মিসভার প্রস্তুতি নিই। কিন্তু আমাদের সভা বানচাল করার জন্য উপজেলা বিএনপির সভাপতি সেখানে ইউনিয়ন বিএনপির ব্যানারে সমাবেশ করার ঘোষণা দেন।’ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার জন্য তারা পাল্টা কর্মসূচি দিয়েছে।’সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি গাজী মুজিবুর রহমান বলেন, ‘দলীয় সিদ্ধান্তেই আমরা উক্ত স্থানে সভার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বিএনপির দুটি পক্ষ সেখানে সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।’ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, এ পরিস্থিতিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।