বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে বাঁচাতে বিএনপি অপকৌশল ও মিথ্যাচারের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল বুধবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
বিরোধী দলকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হচ্ছে বলে বিএনপির অভিযোগ নাকচ করে হানিফ বলেন, কোকোর বিরুদ্ধে মামলা করেছে সিঙ্গাপুর সরকার। টাকা ফেরত এসেছে সিঙ্গাপুর থেকে। এই মামলার বিষয়ে সরকারকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। বর্তমান সরকার উদ্দেশ্যমূলকভাবে অথবা রাজনৈতিকভাবে হয়রানি করতে বিরোধী দলের কাউকে মামলা দেয়নি।
এর আগে সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোকোর পাচার হওয়া অর্থ সিঙ্গাপুর থেকে ফেরত আসার ঘটনা একটি সাজানো নাটক। তাঁর এ বক্তব্যের জবাব দিতেই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হানিফ বলেন, ফখরুল সাহেব অভিযোগ করেছেন, তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে বিচারকাজ চালানো হয়েছে। অথচ আদালত থেকে বারবার বলা সত্ত্বেও তাঁরা কেউ আদালতে যাননি।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়াসহ অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস, আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
হেকিমি দাওয়াখানা খুলে পরামর্শ: গতকাল সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন এলে কিছু অরাজনৈতিক ব্যক্তির দৌড়ঝাপ শুরু হয়। তাঁরা হেকিমি দাওয়াখানা খুলে বসে বিভিন্ন পরামর্শ দিতে থাকেন। যেন তাঁদের কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে তাঁরা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চান।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নামসর্বস্ব কিছু দল ড. ইউনূসকে দরবেশ মেনে তাঁর কাছ থেকে সবক নেয়। ড. ইউনূস ষড়যন্ত্রের কুশীলব মাত্র। ১/১১-এর সময়ও তিনি সরব হয়েছিলেন। এখন আবার হচ্ছেন। তাঁর এ ষড়যন্ত্রের ফাঁদে দেশের জনগণ পা দেবে না।
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।