বিএনপি-আ.লীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যুক্তিখোলা হাইস্কুল মাঠ ও বাজারে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। যুক্তিখোলা হাইস্কুল মাঠে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় সংঘর্ষ এড়াতে প্রশাসন ওই আদেশ জারি করে। এ অবস্থায় বিএনপি পাশের চলন কলেজে সমাবেশ করে।
সূত্র জানায়, যুক্তিখোলা বাজারের যুক্তিখোলা হাইস্কুল মাঠে বেলা তিনটায় বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১০ (সদর দক্ষিণের একাংশ ও নাঙ্গলকোট) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী সমাবেশ আহ্বান করেন। কিন্তু একই দিন, একই সময়ে ও একই স্থানে পাল্টা সমাবেশ আহ্বান করে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এ পরিস্থিতিতে প্রশাসন সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করে।
ইউএনও ফাতেমা জাহান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেন।