বিএনপি-আ.লীগ সংঘর্ষে কুষ্টিয়ায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবরা গ্রামে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নাজমা খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় রাহাতন নেছা (৫৫) নামে আরেক নারী আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার গোবরা গ্রামের আওয়ামী লীগের সোহরাব-তুষার পক্ষের এক যুবক একই গ্রামের বিএনপির সদর হাজি-পলাশ পক্ষের এক মেয়ের শরীরে বরফ ছুড়ে মারে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য সংঘর্ষ হয়। পরে কুমারখালী থানায় উভয় পক্ষের বৈঠকে বিষয়টি মীমাংসা হয়। এরই জের ধরে গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সদর হাজি-পলাশ পক্ষের প্রায় ৩০-৩৫ জন লোক অতর্কিতে সোহরাব পক্ষের লোক ছমিরুদ্দিন ও বারেক শেখের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। রাতের অন্ধকারে বারেক শেখের মেয়ে নাজমা খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কয়েকটি বাড়িও লুটপাট করা হয়। সংঘর্ষে সদর হাজি পক্ষের এক বৃদ্ধা রাহাতন নেছা আহত হলে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগের সোহরাব উদ্দীনের পক্ষের জমিরুদ্দিন শেখ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা আওয়ামী লীগ সর্মথন করি। কিন্তুক সংখ্যায় কম। ওদের (বিএনপি) গোষ্টি বড়। এ জন্যই মাইরি গেল। আমরা ভাই-ভাসতিরা ঠেকাতি পারিনি।’ এ ব্যাপারে বিএনপি-সমর্থিত কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা মঙ্গলবার রাত ১১টার দিকে প্রথম আলোকে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।