বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাসভবনে হামলার ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে। এ ঘটনার জন্য বিএনপি ও আওয়ামী লীগ একে অন্যকে দায়ী করেছে। গত বুধবার দুপুরে এ হামলার ঘটনায় সন্ধ্যায় জেলা বিএনপি আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন সুরাইয়া ভিলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে হামলার ঘটনার জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে দায়ী করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, হামলার ঘটনাটি ন্যক্কারজনক ও লজ্জাকর। হামলাকারীরা লুট করে নিয়ে গেছে বাড়ির অধিকাংশ মালামাল। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবি জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশীদ, যুগ্ম আহ্বায়ক মাকসুদ আহমেদ প্রমুখ। বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে এ হামলার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেন জেলা আওয়ামী লীগের নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, যুবদলের দুই পক্ষের কোন্দলের ঘটনাকে আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিয়ে তাঁরা রাজনৈতিক ফায়দা নিতে চাইছেন। বুধবার দুপুর ১২টার দিকে আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাসভবনে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।