বিএনপি আগামী পাঁচ দিনে কিছুই করতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি পাঁচ বছর আন্দোলন করে কিছু করতে পারেনি, আগামী পাঁচ দিনেও কিছু করতে পারবে না বলে মনে করে আওয়ামী লীগ।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘সন্ত্রাসী ও গণবিরোধীরা জনগণকে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার কোনো সুযোগ পাবে না।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জনদুর্ভোগ সৃষ্টিকারী তথাকথিত অবরোধের কর্মসূচি অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিত। অন্যথায় গণবিরোধী এ কর্মসূচির বিরুদ্ধে জনগণ আরও কঠোর প্রতিরোধের পথ বেছে নেবে। তিনি বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা আমাদের দেশে একটি খারাপ ধারণা। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিদেশি পর্যবেক্ষক এলে সেটা ভালো। তবে নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের মানুষ।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মৃণাল কান্তি দাস প্রমুখ।