বিএনপি আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করবে
৩ ডিসেম্বর উপজেলা, ৫ ডিসেম্বর জেলা ও ৯ ডিসেম্বর বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ করবে বিএনপি। জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসও আলোচনা করে কর্মসূচি ঠিক করবে।গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে। বিএনপির নেতারা জানিয়েছেন, আজ বিকেলে মুক্তাঙ্গনের সমাবেশ থেকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কর্মসূচি ঘোষণা করবেন।রাত আটটায় শুরু হয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষ হয় সোয়া ১০টায়। সূত্র জানায়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, সেনানিবাসের বাড়ি নিয়ে আদালতের রায় ও হরতাল পালন নিয়ে আলোচনা হয়।বৈঠকে মহাসচিব ছাড়াও কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, হান্নান শাহ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।স্থায়ী কমিটির বৈঠকের পর খালেদা জিয়া জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব আহমেদ আবদুল কাদেরের সঙ্গে বৈঠক করেন।হামিদুর রহমান আযাদ বলেন, ‘চার দল আছে, থাকবে। আমরা কর্মসূচি পালন করতে থাকব। একপর্যায়ে জোটবদ্ধ জোরালো আন্দোলন গড়ে উঠবে।’স্থায়ী কমিটির বৈঠকের আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা জেলা আইনজীবী সমিতির বিএনপি-সমর্থক শতাধিক আইনজীবী। স্থায়ী কমিটির বৈঠক চলাকালে কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন বহিষ্কৃত নেতা নাজমুল হুদার সমর্থকেরা।