বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট আজ মঙ্গলবার সংসদে যোগ দেবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।গতকাল সোমবার চার দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে জয়নাল আবদিন এ কথা জানান।সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠক গতকাল বিকেল চারটায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আসেন সন্ধ্যা ছয়টায়। সন্ধ্যা সাতটায় বৈঠক শুরু হয়। সংসদের অধিবেশন শেষ হওয়ার পাঁচ মিনিট পর রাত নয়টা পাঁচ মিনিটে চারদলীয় জোটের সংসদীয় কমিটির বৈঠকটি শেষ হয়।খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির ৩৩ জনসহ জামায়াতের দুজন ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একজন সাংসদ উপস্থিত ছিলেন। বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, মোস্তফা কামাল পাশা ও রুমানা মাহমুদ বৈঠকে ছিলেন না। এর মধ্যে সাকা চৌধুরী কারাগারে আছেন।বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সরকার দেশকে সংকটময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তাই সার্বিক অবস্থা বিচার করে বিএনপি ও চারদলীয় জোটের সদস্যরা সংসদ অধিবেশনে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল (আজ মঙ্গলবার) বিএনপি সংসদ অধিবেশনে যোগ দেবে।’ সদস্যপদ রক্ষার জন্য্র অধিবেশনে যোগ দিচ্ছেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জয়নাল আবদিন বলেন, ‘আপনারা টের পাবেন, আমরা সংসদে থাকব কি থাকব না। সরকারি দলের সদস্যরা যদি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে গালিগালাজ বন্ধ করেন, তবেই আমরা চিন্তা করে দেখব, সংসদে থাকব কি থাকব না।’সর্বশেষ গত বছরের ২ জুন বিএনপি সংসদে যোগ দিয়েছিল। এরপর বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সাংসদরা অধিবেশন বর্জন করে আসছেন। তবে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক, বিদেশভ্রমণসহ অন্যান্য কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিয়েছেন বিরোধী দলের সাংসদেরা।সংবিধান অনুযায়ী স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট সাংসদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। বিএনপির সাংসদরা ৭০ থেকে ৮০ দিন পর্যন্ত টানা অনুপস্থিত আছেন।