মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, বিএনপিসহ তার মিত্ররা ইতিমধ্যেই আন্দোলনের ট্রেন মিস করেছে। আলোচনার ট্রেনও মিস করার পথে। নির্বাচনের ট্রেন মিস করলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে আগামী জাতীয় নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। কেউ বেআইনিভাবে নির্বাচনে বাধা প্রদান করলে প্রশাসন সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে।
গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এসব কথা বলেন। ভাঙ্গাবাড়ী হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে বেলকুচির উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এ কে এম ইউসুফজী খান, লুৎফর রহমান, ফজলুল হক সরকার, কামরুল ইসলাম প্রমুখ।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই বিভিন্ন অজুহাতে হরতালসহ নৈরাজ্যের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।