বিএনপি আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকার আন্দোলন ছাড়া জনগণের সামনে আর কোনো পথ খোলা রাখেনি। বিএনপি আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে।বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের লেবাস নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার স্বৈরাচারীর মতো আচরণ করছে। ভারতের সঙ্গে করা চুক্তি জনগণ প্রত্যাখ্যান করেছে। গণআন্দোলন থেকে নিজেদের পতন ঠেকাতে তাই ছাত্রদলের ওপর হামলা চালাচ্ছে। সরকার ছাত্রদলকে ভয় পায়। কেননা এই ছাত্রদলই ’৯০-এ স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল। তিনি বলেন, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সংগঠিত করে আন্দোলন করবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ সংগঠনের বিদ্রোহী পক্ষের হামলায় আহত হওয়ায় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন সভায় উপস্থিত ছিলেন না। ওই ঘটনায় পুলিশের মামলার কারণে সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমও অনুপস্থিত ছিলেন। ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা আলোচনায় অংশ নিয়ে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদউদ্দীন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনার আনুগত্য পেয়ে উপাচার্য হয়েছেন। কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পদ টিকিয়ে রাখতে পারবেন না।’ছাত্রদলের সহসভাপতি হায়দার আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী ও খায়রুল কবীর।