বিএনপি আপাতত গণসংযোগমূলক কর্মসূচি চালাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আপাতত সারা দেশে গণসংযোগ, সরকারের ব্যর্থতা নিয়ে ও নির্দলীয় সরকারের দাবিতে প্রচারপত্র বিলির মতো কর্মসূচি পালন করবে বলে দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন। এ ছাড়া দলীয় প্রধান খালেদা জিয়া কয়েকটি জেলায় সমাবেশ করতে পারেন। গত শনিবার গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক মুলতবি হয়। সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে সাবধানে ও বিচার-বিশ্লেষণ করে আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে জানা গেছে। বিএনপি সূত্রে জানা গেছে, ২৭ মে থেকে আগামী ৪ জুন পর্যন্ত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সারা দেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। এরপর ৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ চালাবে বিএনপি। ইতিমধ্যে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের কাছে প্রচারপত্র পাঠানো শুরু হয়েছে।২২ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের শুনানিতে খালেদা জিয়ার হাজির থাকার কথা আছে। কর্মসূচি নির্ধারণে সেই বিষয়টিও মাথায় রাখছে। হাজিরার দিন হরতাল দেওয়া না-দেওয়া নিয়েও ভাবছে দলটি। মামলার বিভিন্ন দিক দিয়ে শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন তাঁর আইনজীবীরা।  বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, স্থায়ী কমিটির বৈঠকে ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী সংলাপের কথা বলে তাঁর অবস্থান থেকে সরে গেছেন, এ বিষয়টিও তাঁরা খতিয়ে দেখছেন। দলীয় সূত্রগুলো জানায়, হেফাজতে ইসলামের আন্দোলনে বিএনপি চেয়ারপারসনের সরাসরি সমর্থন দলের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে বলে স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে। হেফাজতে ইসলামের বিষয়টি গণমাধ্যম ভুলে না যাওয়া পর্যন্ত বিএনপির কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া ঠিক হবে না বলে মত দিয়েছেন কেউ কেউ। সভায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কোনো না-কোনো প্রক্রিয়ায় অংশ নেওয়ার ব্যাপারে মত দিয়েছেন নেতারা।  জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচি: জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ মে থেকে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল ঘোষিত এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তিন দিনের কাঙালিভোজ প্রভৃতি। এর মধ্যে ৩০ মে মৃত্যুবার্ষিকীর দিন রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া বিভিন্ন স্থানে কাঙালিভোজের আয়োজন করা হবে।