বিএনপি আবার সমস্যা সৃষ্টির চেষ্টা করতে পারে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি মোটেও গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা আবার সমস্যা সৃষ্টির চেষ্টা করতে পারে।
গতকাল শনিবার সন্ধ্যায় হাজারীবাগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন উদ্বোধন এবং শহীদ শামসুন্নেছা আরজু মণি মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘মনে হতে পারে যে দুর্যোগ শেষ হয়ে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের জনগণ মানবসৃষ্ট যে দুর্যোগের অভিজ্ঞতা লাভ করেছে, তা আবার আসবে না, তা মোটেও নিশ্চিত নয়।’ তিনি বলেন, ‘জনগণের সমর্থন লাভে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে অগণতান্ত্রিক প্রচেষ্টা চালিয়েছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশের উন্নয়নের জন্য কিছুই করেনি। আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছি, তখন তারা সমস্যার সৃষ্টি করছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, স্বাস্থ্যসচিব মঞ্জুরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান।