বিএনপি আমলের প্রকল্প, তাই বন্ধ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল আঞ্চলিক হাঁস প্রজনন খামার দীর্ঘদিন ধরে বন্ধ। দেখভাল করার লোক নেই। অরক্ষিত অবস্থায় পড়ে আছে। চরানো হচ্ছে গরু। রক্ষণাবেক্ষণের অভাবে কোটি কোটি টাকার স্থাপনা ও যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। আটকে আছে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা।
বরিশাল প্রাণিসম্পদ বিভাগ থেকে জানা যায়, ২০০৩ সালে চারদলীয় জোট সরকারের আমলে বরিশাল নগরের গড়িয়ার পাড় এলাকায় প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে চার একর সম্পত্তির ওপর গড়ে তোলা হয় ‘আঞ্চলিক হাঁস প্রজনন খামার’। বাচ্চা ফোটানো থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সব ব্যবস্থাই ছিল এখানে। প্রতি মাসে গড়ে ২৪ হাজার হাঁসের বাচ্চা উৎপন্ন হতো এই খামারে।
সরেজমিনে দেখা গেছে, খামারের বাচ্চা ফোটানোর তিনটি ইনকিউবেটর, তিনটি হ্যাচারি নষ্ট হয়ে গেছে। একটি দোতলা ব্রুডার শেড, দুটি গ্রোয়ার শেড, ছয়টি লেয়ার শেড, দোতলা প্রশাসনিক ভবন ও প্রশিক্ষণকেন্দ্র ফাঁকা পড়ে রযেছে। খামারজুড়ে বিচরণ করছে গরু। বেশ কটি শীতাতপযন্ত্র, জেনারেটর, গাড়িসহ অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। কর্মচারীদের জন্য বানানো ভবনে এখনো থাকছেন দুই কর্মচারী। তাঁরাও মানবেতর জীবন যাপন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী প্রথম আলোকে বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে প্রকল্প শুরু হওয়ায় পরবর্তী সরকার প্রকল্পের সব ধরনের অনুদান বন্ধ করে দেয়। এরপর শুরু হয় আঞ্চলিক হাঁস প্রজনন খামারের কর্মকর্তাদের চিঠি চালাচালি ও মামলা।
খামারের পোলট্রি টেকনেশিয়ান মো. রফিকুল ইসলাম বলেন, ২০০৯ সালের ডিসেম্বর মাসে প্রকল্পটি রাজস্ব খাতে নেওয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য উচ্চ আদালতে মামলা করা হয়। আদালত ২০১২ সালের জানুয়ারি মাসে প্রকল্পটি রাজস্ব খাতে নিয়ে কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। গত মে মাসে সুপ্রিম কোর্ট একই আদেশ দেন। এখনো মন্ত্রণালয় আদালতের নির্দেশ মানছে না।
খামারের নিরাপত্তা প্রহরী মো. আবু সাঈদ জানান, দীর্ঘ পাঁচ বছর খামার বন্ধ। সেই থেকে সব ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। এখন দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের গরু এখানে চরানো হয়।
অন্য কর্মচারীরা কোথায় জানতে চাইলে ডাক অ্যাটেনডেন্ট মো. মনিরুজ্জামান বলেন, ‘বেতন-ভাতাও নেই, খামারও চালু নেই, বাঁচতে তো হবে, তাই বাইরে কাজে গেছে। অনেকেই বাইরে রিকশা চালান বা দিনমজুরি করেন।’ তিনি আরও জানান, সারা দেশের আটটা খামারের মধ্যে শুধু বরিশালের খামারটা বন্ধ রয়েছে। এই খামারের ওপর নির্ভর করে দক্ষিণাঞ্চলে প্রায় তিন শতাধিক হাঁসের খামার গড়ে উঠেছিল। বাচ্চা সরবরাহ বন্ধ থাকায় ওই সব খামারিদের বেশি টাকা দিয়ে খুলনা, ঢাকা ও ময়মনসিংহ থেকে বাচ্চা সংগ্রহ করতে হচ্ছে।
জানতে চাইলে বরিশাল দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারের পশুসম্পদ এবং হাঁস প্রজনন খামারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমরেশ কুমার বলেন, ‘সরকার উদ্যোগ না নিলে আমাদের কী করার আছে। শুনেছি সুপ্রিম কোর্টেও রায় হয়েছে। তবে এর কোনো কপি আমরা পাইনি। ২০০৯ সালের পর আর খামার চালু না হওয়ায় সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। খামার চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষ এর সুবিধা পেত।’