বিএনপি আমলের 'মিথ্যা' মামলার আরও তদন্ত হচ্ছে
বিএনপির আমলের ‘মিথ্যা’ মামলাগুলো আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।
আনিসুল হক বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, সম্পূর্ণ নিরপেক্ষ ও অনৈতিক প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সরকারের সময় সংঘটিত সকল অপরাধ যা বিএনপির দলীয় লোকদের দ্বারা ঘটানো হয়েছে এবং নিরীহ লোকদের আসামি করা হয়েছে সে সকল মামলাগুলো অধিকতর তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে।’
আইনমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে কিছু মামলার বিচার শুরু হয়েছে এবং কিছু মামলার বিচারের অপেক্ষায় আছে। এসব কর্মকাণ্ডের দ্বারা সরকার সকল অপরাধীর বিচার নিশ্চিতকরণপূর্বক আইনের শাসন প্রতিষ্ঠায় সচেষ্ট আছে।’
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনবল-সংকট দূর করতে সরকার ১২৮ জন কর্মকর্তা ও কর্মচারীর পদ সৃজন করেছে। বর্তমানে নিয়োগবিধি তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিয়োগবিধি চূড়ান্ত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে জনবল সংকট নিরসন করা হবে।’
আওয়ামী লীগের আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ পর্যন্ত ৫০১ জন হিন্দু বিবাহ নিবন্ধক নিয়োগ দেওয়া হয়েছে।