বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল ইসলাম
কামরুল ইসলাম

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি-জামায়াত জোট আর ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যদি জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চান, একাত্তরের মানবতাবিরোধীদের বিচার সমাপ্ত দেখতে চান; তাহলে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। কারণ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসতে পারবে না। সংসদে গিয়ে বিএনপিকে ফর্মুলা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। সংসদে এসে আলোচনা করুন। তত্ত্বাবধায়ক পুনর্বহালের আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
বিএনপির জনসমর্থন নেই দাবি করে কামরুল ইসলাম বলেন, সাধারণ মানুষ এখন আর তত্ত্বাবধায়ক পুনর্বহালের মতো অদ্ভুত দাবির সঙ্গে নেই। বিএনপির জনসমর্থন না থাকায় এখন তারা বহির্বিশ্বে ধরনা দিচ্ছে, লবিং করছে।
বিদেশি কূটনৈতিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশি বন্ধুদের বলতে চাই, সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। সংবিধানের মধ্যেই তথাকথিত রাজনৈতিক সংকট নিরসন সম্ভব। সমঝোতা এখান থেকেই খুঁজে বের করা হবে।’

সংগঠনের উপদেষ্টা হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাসদ নেতা মীর হোসেন আখতার, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান, হুমায়ুন কবির প্রমুখ।