'বিএনপি আলেমদের ধোঁকা দিয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বেতন স্কেলে বেতনের দাবিতে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে। সেখানে সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম বলেন, বিএনপি জাতিকে এবং আলেমদের ধোঁকা দিয়েছে। তাঁরা ধর্মের কথা বলে ক্ষমতায় এসেছিল। কিন্তু তাদের আমলে মাদ্রাসার ও আলেমদের বেশি ক্ষতি হয়েছে।

মাদ্রাসার শিক্ষকেরা দাবি করেন, গতকাল তাঁদের কাছে একজন শিক্ষক এসেছেন, যিনি ঢাকা শহরে রিকশা চালান। একজন শিক্ষক রিকশা চালান—এটা জাতির কাছে লজ্জা ছাড়া আর কি হতে পারে। আজ আমাদের ধর্মঘটের ১৯তম দিন। শিক্ষকেরা যে টাকা নিয়ে কর্মসূচিতে এসেছিলেন, তা শেষ হওয়ার পথে। অনেকের শেষ হয়ে গেছে। তাঁরা গ্রামের বাড়ি ফিরে গেছেন। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।
শিক্ষকেরা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেন। তাহলে শিক্ষকদের ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন কি করে সম্ভব? আপনি আমাদের দাবি মেনে নেন। আমরা আজীবন আপনার পাশে থাকব।’