বিএনপি আসা মানেই লুটপাট: প্রধানমন্ত্রী
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশ ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হিসেবে প্রতিষ্ঠা পাবে। তিনি বলেন, বিএনপির দুই গুণ—দুর্নীতি আর মানুষ খুন। বিএনপি ক্ষমতায় আসা মানেই লুটপাট।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে শহীদ মনু মিয়া উচ্চবিদ্যালয় জাতীয়করণ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন। জনসভাটি অনুষ্ঠিত হয় মনু মিয়া উচ্চবিদ্যালয়ের পাশে টেক্সাইল বিশ্ববিদ্যালয়ের মাঠে।
পরীক্ষার সময় বিরোধী দলের হরতালের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘টানা হরতালে ছোট্ট শিশুদের মনটা ভেঙে যায়, প্রস্তুতি নষ্ট হয়। বিরোধীদলীয় নেত্রীকে হরতাল না দেওয়ার অনুরোধ করেছিলাম। তিনি মানলেন না, টানা হরতাল দিলেন।’ তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) হয়তো ভাবেন তিনি পাস করেননি। তাই দেশের ছেলেমেয়েরা কেন পাস করবে? এ জন্যই হরতাল।’ স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।
ভিডিও কনফারেন্সে বিদ্যুেকন্দ্র উদ্বোধন: প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি জানান, এর আগে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুরে ১৬৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুেকন্দ্রসহ নয়টি উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কলেজ, উচ্চবিদ্যালয় এবং আধুনিক কেন্দ্রীয় মসজিদ গড়ে তোলারও আশ্বাস দেন।
ভিডিও কনফারেন্সের সময় চাঁদপুরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।