সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল শনিবার রাঙ্গুনিয়া উপজেলার শিলক খালের ওপর নির্মিত ‘এম সাদেক চৌধুরী সেতু’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় এম শাহ আলম চৌধুরী উচ্চবিদ্যালয়ের মাঠে ওই জনসভার আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, সরকারকে সহযোগিতা করার পরিবর্তে বিএনপি একের পর এক হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। এতে প্রমাণিত হয়, তারা পূর্বপরিকল্পিতভাবে এটা করেছে। জনসভায় সভাপতিত্ব করেন শিলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী সওদাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জসিম ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এর আগে গতকাল শনিবার তিনি রাঙ্গুনিয়ার চলমান ওয়াসার প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করেন।