বিএনপি ইস্যু তৈরির জন্য উপনির্বাচনে প্রার্থী দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপি ইস্যু তৈরির জন্য উপনির্বাচনে প্রার্থী দিয়েছে। তাদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কারণ তারা সংসদে যায় না, জনগণের কথা বলে না। হবিগঞ্জ-১ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এম এ মুমিন চৌধুরীর পক্ষে প্রচার চালানোর লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা সদরের নতুনবাজার মোড়ে গতকাল রোববার সন্ধ্যায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, ‘রংপুরের পরই সিলেট আমার দ্বিতীয় বাড়ি। সিলেটের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। ’৯১-এর নির্বাচনে আপনারা এ আসনে লাঙলে ভোট দিয়ে জাতীয় পার্টিকে জয়ী করেছিলেন। আশা করি, এবারের উপনির্বাচনে আপনারা লাঙলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, সাংসদ নবাব আলী আব্বাস খান, উপনির্বাচনের প্রার্থী মুনিম চৌধুরী। এরপর গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বাহুবল উপজেলা সদরে দীননাথ উচ্চবিদ্যালয় মাঠে মুনিম চৌধুরীর সমর্থনে আয়োজিত অপর এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, ‘আমার শাসনামলে মানুষ সুখে ছিল। দ্রব্যমূল্য হাতের নাগালে ছিল, বিদ্যুৎ ছিল, পানি ছিল, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল। আজ কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই। মানুষ সুখে নেই। আমাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় পাঠান, ইনশা আল্লাহ আপনারা এত নেই নেই থেকে রেহাই পাবেন।’উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফি আহমদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান, প্রেসিডিয়াম সদস্য কাজী মাহমুদ হাসান ও প্রার্থী মুনিম চৌধুরী।গতকাল দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ডাকবাংলোর কাছে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন এরশাদ। এ সময় তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কদর আলী মোল্লা।