বিএনপি উপনির্বাচন বর্জন করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচন বর্জন করবে না বিএনপি। তবে এ নির্বাচনের ফল নিয়ে কারচুপি করা হলে তার পরিণতি সরকারের জন্য ভালো হবে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘বিএনপি নির্বাচনে আছে, নির্বাচনে থাকবে।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন নির্বাচন পেছানোর যে দাবি করেছেন, তা যৌক্তিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার ও বহিরাগতদের এলাকা ছাড়া করতে সময়ের প্রয়োজন। তবে এর মানে এই নয়, বিএনপি নির্বাচন বর্জন করছে।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে খোন্দকার দেলোয়ারের অভিযোগ, সেখানে বিএনপির নেতা-কর্মীদের ওপর সরকারদলীয় সমর্থকদের হামলা চলছেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।বিএনপির মহাসচিব বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানির দাবিতে বিএনপি গত বুধবার পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছিল। কিন্তু উসকানি ছাড়াই সরকারদলীয় সমর্থকেরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। তিনি এর নিন্দা জানান।