বিএনপি ভোলা-৩ আসনের উপনির্বাচন বানচাল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ওই নির্বাচনে দলের সমন্বয়ক তোফায়েল আহমেদ। এ জন্য বিএনপির নেতা-কর্মীরা নিজেরাই গোলমাল বাধাতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।তোফায়েল আহমেদ গতকাল শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ চায় ভোলায় সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু খালেদা জিয়া, দেলোয়ারসহ বিএনপির নেতাদের বক্তব্যে মনে হয়, তাঁরাই চান না মেজর হাফিজ নির্বাচন করে জয়লাভ করুক। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন কারও ওপরই তাঁদের আস্থা নেই। তিনি বলেন, ‘তাঁরা এ নির্বাচনের সমন্বয়ক করেছেন নাজিম উদ্দিন আলমকে। বিএনপি যদি আসলেই নির্বাচন চাইত, তাহলে জ্যেষ্ঠ কোনো নেতাকে এ দায়িত্ব দিত।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, কোনো উপনির্বাচনে সেনা মোতায়েন করা হয়নি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সরকার তা বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করবে।দলটির যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এখন কোনো ইস্যু পাচ্ছেন না। তাই এ নির্বাচনকে কেন্দ্র করে ইস্যু সৃষ্টি করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছেন। বিএনপির নেতারা ঢাকায় বসে অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।