বিএনপি একা হরতাল ডাকায় জামায়াত মাঠে থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীসহ ১৮ দলীয় জোটের একাধিক শরিক গত দুই দিনের হরতালে মাঠে ছিল না। শরিকদের সঙ্গে আলোচনা না করে বিএনপি একা হরতাল কর্মসূচি দেওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে গতকাল রাতে জামায়াতের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের বৈঠক হয়েছে। আজকের হরতালে জামায়াত অংশ নেবে বলে দলের একটি সূত্র জানিয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির নেতা এম ইলিয়াস আলী গুম হন। এর প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি গত রোববার থেকে সারা দেশে হরতাল পালন করছে। গত রোববার জাতীয় সংসদ ভবন প্লাজায় অনুষ্ঠিত বিএনপির সাংসদদের বিক্ষোভ মিছিলে জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ অংশ নেন। গতকালের মিছিলে তিনি যাননি। অবশ্য জোটের সব শরিক এ হরতালে সমর্থন দিয়েছিল। জোটের বাইরেও তিনটি দল এ কর্মসূচিতে সমর্থন জানায়।বিএনপি ও জামায়াতের দায়িত্বশীল সূত্র জানায়, গত রোববার হরতালের আগে বিএনপি ও জামায়াতের ঢাকা মহানগর কমিটির কয়েকজন নেতা বৈঠক করেন। এ বৈঠকে রাজধানীর ১৮টি জায়গায় একসঙ্গে থেকে পিকেটিং ও মিছিল করার সিদ্ধান্ত হয়। কর্মসূচি সমন্বয়ের জন্য স্থানীয় বিএনপির নেতাদের নাম ও ১৮টি জায়গার নামের তালিকাও দেওয়া হয়। কিন্তু দুই দিনের হরতালে জামায়াতের লোকেরা ওই সব জায়গায় যায়নি বলে বিএনপির একাধিক নেতা জানান। আর জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি।জানতে চাইলে জামায়াতের সাংসদ ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা আলাদা করে কিছু করিনি। বিএনপির সঙ্গে মিলেমিশে অংশ নেওয়ার সিদ্ধান্ত ছিল।’ গত দুই দিনের হরতালে রাজধানীর কোথাও জামায়াত-শিবিরের কাউকে দেখা না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মনে হয় কিছুটা সমন্বয়হীনতা আছে।’জামায়াতের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বস্তুত অভিমান থেকেই তাঁরা হরতালে সক্রিয় হননি। তাঁদের অভিযোগ, হরতালসহ বড় কর্মসূচি দেওয়ার আগে কখনোই জামায়াতসহ শরিকদের সঙ্গে আলোচনা করা হয় না। ইলিয়াস আলী গুম হওয়ার পরদিন বিকেলেই রাজধানীতে ঘটা করে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। ওই রাতেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গত রোববার হরতালের ঘোষণা আসে। গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর নতুন জোটের নেতাদের কর্মসূচির কথা জানানো হয়। শরিকেরা তাতে সমর্থন জানায়। কিন্তু বাস্তবে তাদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। এই নেতারা আরও বলেন, বর্তমান মহাজোট সরকারের সময়ে বিভিন্ন বিষয়ে এ পর্যন্ত ১০ দিন হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। কিন্তু এসব কর্মসূচি দেওয়ার আগে কোনো শরিকের সঙ্গে আলোচনা করা হয়নি। কর্মসূচি ঘোষণা করে তারপর শরিকদের ডেকে সমর্থন চাওয়া হয়। আবার কর্মসূচিতে অংশ নিলেও বিএনপির কাছ থেকে উপযুক্ত আচরণ পাওয়া যায় না। এসব বিষয়ে জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু প্রতিকার পাওয়া যায়নি বলে জামায়াতের নেতারা দাবি করেন। ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, ‘এটা তো আসলে জোটের হরতাল না। বিএনপির হরতালে আমরা সমর্থন দিয়েছি। তার পরও আমরা বের হতে চেয়েছি। কিন্তু পুলিশ বের হতে দেয়নি।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, জোটের প্রতিটি দলই স্বতন্ত্র এবং নিজস্ব কর্মসূচি নিয়ে চলে। এটা বিএনপির হরতাল, এতে আমরা শরিকদের সমর্থন চেয়েছি; তারা সমর্থন দিয়েছে। এখন মাঠে থাকা না-থাকাটা তাদের ব্যাপার।’ তিনি বলেন, ‘আমাদের দলের একজন নেতা গুম হয়েছেন, আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেব, এটাই স্বাভাবিক। রাজনীতিতে মান-অভিমান চলে না।’