বিএনপি-এলডিপির ঐক্য-প্রক্রিয়া চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপির ঐক্য-প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে।গতকাল বুধবার বিএনপি ও এলডিপির মহাসচিব পর্যায়ের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয় বলে উভয় দলের পক্ষ থেকে বলা হয়েছে।দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ধরন নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় এই বৈঠক হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, বিএনপি ও এলডিপির ঐক্যবদ্ধ আন্দোলন শুরু এখন সময়ের ব্যাপার। শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ চূড়ান্ত করা হবে। তিনি বলেন, এলডিপি বিএনপির কাছে বেশ কিছু সুপারিশ করেছে। সেগুলো নিয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।এলডিপির মহাসচিব জাহানারা বেগম বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এলডিপি বিএনপির সঙ্গে কাজ করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আরও আলোচনা হবে। এরপর ঐক্যবদ্ধভাবে দল দুটি কাজ করবে।বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। আর জাহানারা বেগমের নেতৃত্বে এলডিপির প্রতিনিধিদলে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, দিদার বখত ও যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। এর আগে ১৯ জুলাই এলডিপির সভাপতি অলি আহমদের সঙ্গে তাঁর বাসায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। ওই বৈঠকের ধারাবাহিকতায় গতকাল দল দুটির মহাসচিব পর্যায়ে বৈঠকটি হয়েছে।কল্যাণ পার্টির সঙ্গে বৈঠক: এদিকে রাজনৈতিক ঐক্য গঠনের লক্ষ্যে বিএনপি গতকাল বিকেলে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে বৈঠক করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের সঙ্গে তাঁর বাসায় বৈঠক করেন। বৈঠকে কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরীও ছিলেন।বৈঠক শেষে সৈয়দ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, বিএনপি যে দাবিতে আন্দোলন করছে, তার সঙ্গে কল্যাণ পার্টি একমত পোষণ করছে। ভবিষ্যতে আন্দোলনে কল্যাণ পার্টি বিএনপির পাশে থাকবে।বিক্ষোভে আট দলের সমর্থন: বিএনপির আজকের বিক্ষোভ কর্মসূচিতে সমমনা ছোট আটটি রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। দলগুলো হলো: জাগপা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাপ (ভাসানী), লেবার পার্টি, ইসলামিক পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও মুসলিম লীগ। গতকাল দুপুরে দলগুলোর নেতারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করে বিক্ষোভ কর্মসূচিতে সমর্থনের কথা জানান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানাচ্ছে সব দল ও পেশার মানুষ। ড. কামাল হোসেনসহ বিশিষ্ট আইনজ্ঞরাও এ বিষয়ে একমত পোষণ করেছেন। একমাত্র এরশাদ আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। কেননা, তিনি বিরোধীদলীয় নেতা হওয়ার স্বপ্ন দেখছেন।