বিএনপি এলে পুনঃতফসিল: সিইসি

বিএনপি নির্বাচনে আসতে রাজি হলে পুনরায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ।
আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সিইসি এ কথা বলেন। গতকাল সোমবার ঘোষিত তফসিল স্থগিতের জন্য বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে আজ তিনি সাংবাদিকদের বলেন, সমঝোতা যদি হয়, তবে সব ধরনের সুযোগ আছে।
সেনা মোতায়েনের বিষয়ে বৈঠক বৃহস্পতিবার
নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, সেনা মোতায়েনের বিষয়ে আগামী বৃহস্পতিবার সরকারের বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবে কমিশন। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রয়োজনে বেশি সময় ধরে সেনা মোতায়েন হবে।
আজ বিকেলে কমিশন কার্যালয়ে জাবেদ আলী সাংবাদিকদের এ কথা বলেন।
গতকাল সোমবার দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহসহ অন্যদের গ্রেপ্তারের ঘটনাকে সরকারের ‘রুটিন ওয়ার্ক’ বলে অভিহিত করেন জাবেদ আলী। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
জাবেদ আলী জানান, নির্বাচনী প্রচার উপকরণ অপসারণ এবং সভা-সমাবেশ না করার ব্যাপারে নোটিশ দেবে কমিশন। তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচারের উপকরণ অপসারণ করতে হবে। নইলে ব্যবস্থা নেবে কমিশন।