বিএনপি এলে শক্তিশালী বিরোধী দল হতো: ফিরোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিফ হুইপ আ স ম ফিরোজ
চিফ হুইপ আ স ম ফিরোজ

বিএনপি নির্বাচনে এলে সংসদের বিরোধী দল ‘শক্তিশালী হতো’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ।
আজ শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের হুইপ ফিরোজ বলেন, ‘আমরা তো চেয়েছিলাম তারা (বিএনপি) নির্বাচনে আসুক। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন খেলার কারণে তারা নির্বাচনে আসেনি। বিএনপি যদি নির্বাচনে আসত তাহলে শক্তিশালী বিরোধী দল হতো।’
৫ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। সংসদের বিরোধী দল হিসেবে বসতে যাচ্ছে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ৩৪ সদস্যের একটি দল। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ সংসদে বিরোধীদলীয় নেতা। তাঁর দলেরই তিনজন আবার সরকারেও প্রতিনিধিত্ব করছে।
যদিও জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলছেন, সরকার ও বিরোধী দলে একসঙ্গে থাকতে কোনো অসুবিধা নেই। সংসদে বিরোধী দল কী ভূমিকা রাখে, তা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠেছে। দল থেকে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ার পর রওশন বলেন, বিরোধী দল সরকারের নেতিবাচক কাজের সমালোচনা করবে, ইতিবাচক কাজের প্রশংসা করবে।
গত শুক্রবার পটুয়াখালীর সাংসদ আ স ম ফিরোজকে প্রধান হুইপ হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তাঁর সঙ্গে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুরের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, মৌলভীবাজারের মোহাম্মদ শাহাব উদ্দিন, চুয়াডাঙ্গার সোলায়মান হক জোয়ার্দ্দার ও নওগাঁর শহীদুজ্জামান সরকার।

নিয়োগ পাওয়ার পরদিন সব হুইপদের সঙ্গে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান আ স ম ফিরোজ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘অতীতে সংসদ বিরোধী দলের সংসদ বর্জনের যে শিক্ষা আমরা পেয়েছি তা সুখকর নয়। দেশে-বিদেশে এটা সমালোচিত। আমি আশা করি, দশম সংসদের বিরোধী দল সরকারের বিরোধিতা করার পাশাপাশি সরকারকে উপদেশ দেবে, যাতে সরকার আরও উন্নয়নমূলক কাজ করতে পারে। বিরোধিতার খাতিরে বিরোধিতা তারা করবে না বলে আশা রাখি।’

 দশম সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন, এমন প্রশ্নের জবারে প্রধান হুইপ বলেন, ‘আমাদের দলে ৮-১০ জন যোগ্য লোক রয়েছেন। যাঁরা স্পিকার ও ডেপুটি স্পিকার হতে পারেন।’ তিনি আরও বলেন সংসদ বসার আগের দিন সংসদীয় দলের বৈঠক হতে পারে। ওই বৈঠকে সংসদ নেতা কাকে স্পিকার- ডেপুটি স্পিকার করা হবে সে বিষয়ে ঘোষণা দিতে পারেন।