রাজধানীর খিলগাঁওয়ে বাসে অগ্নিসংযোগ করে হত্যা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের আট নেতার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এই আদেশ দেন।যাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে তাঁরা হলেন: স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন, বিএনপির নেতা বাদল হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি কামাল আনোয়ার ও এস এম জিলানী।দলীয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিএনপি গত ২২ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছিল। এর আগের দিন দুপুরে খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালের সামনে রাখা ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে বাসে ঘুমিয়ে থাকা চালক বদরউদ্দিন পুড়ে মারা যান। আহত হন বাসচালকের সহকারী। এ ঘটনায় খিলগাঁও থানার পুলিশ বাদী হয়ে এ মামলা করে।