বিএনপি ও আ.লীগ সমর্থিত আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশ
নারায়ণগঞ্জের আদালত চত্বরে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখা ও আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গতকাল বুধবার পাল্টাপাল্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটূক্তি করেছেন বলে অভিযোগ এনে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফোরামের মহাসচিব মাহাবুউদ্দিন খোকন বলেন, তারেক ও কোকোর বিরুদ্ধে চলমান মামলা সম্পর্কে প্রধানমন্ত্রী এখতিয়ার-বহির্ভূত মন্তব্য করেছেন।ফোরামের জেলা শাখার সভাপতি সরকার হুমায়ূন কবীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া, তৈমুর আলম খন্দকার প্রমুখ।অন্যদিকে, একই সময় জেলা জজ আদালতের সামনে তারেক-কোকোসহ যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচারের দাবিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিপি আসাদুজ্জামান, খোকন সাহা, হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।