বিএনপি ও আ.লীগে প্রার্থী ঘোষণা, একটিতে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের চারটি পৌরসভায় মেয়র পদে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ জগন্নাথপুর পৌরসভায় দলের প্রার্থী হিসেবে সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়াকে বাদ দিয়ে সাবেক পৌর চেয়ারম্যান আবদুল মনাফকে মনোনয়ন দিয়েছে।
বিএনপির স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জেলা বিএনপির সভায় চার প্রার্থীর নাম ঘোষণার পর তাঁদের হাতে কেন্দ্রের চিঠি তুলে দেওয়া হয়। মেয়র প্রার্থীরা হলেন সুনামগঞ্জ পৌরসভায় জেলা জিয়া পরিষদের সভাপতি ও পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, দিরাইয়ে মইন উদ্দিন চৌধুরী, ছাতকে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান এবং জগন্নাথপুরে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ। প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিমউদ্দিন আহমদ, বিএনপির নেতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ প্রমুখ।
জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেন, মেয়র প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য সব নেতা-কর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, চারটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যাঁরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার চিঠি পেয়েছেন তাঁরা হলেন সুনামগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুল, ছাতকে বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুরে সাবেক পৌর চেয়ারম্যান আবদুল মনাফ এবং দিরাইয়ে মোশারফ হোসেন। আওয়ামী লীগের প্রার্থী বাছাই কমিটি জগন্নাথপুরের প্রার্থী হিসেবে সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়ার নাম কেন্দ্রে পাঠায়। কিন্তু কেন্দ্র থেকে তাঁকে বাদ দিয়ে সাবেক পৌর চেয়ারম্যান আবদুল মনাফকে প্রার্থী করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, মেয়র প্রার্থীদের কাছে কেন্দ্রের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটিই চূড়ান্ত। এই প্রার্থীদের পক্ষে সব নেতা-কর্মীকে কাজ করতে হবে।
জগন্নাথপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মিজানুর রশিদ ভূঁইয়া বলেন, ‘তৃণমূলের পর জেলার প্রার্থী বাছাই কমিটি আমাকে জগন্নাথপুরে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করে। এখন কীভাবে কী হয়েছে বুঝতে পারছি না।’