বিএনপি ও আ.লীগের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) উপনির্বাচনকে সামনে রেখে বিএনপি ও আওয়ামী লীগ একে অপরের বিরুদ্ধে হামলা, নির্যাতন এবং অগ্নিসংযোগের অভিযোগ তুলেছে। গত বুধবার লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও জেলা বিএনপির পৃথক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। দুপক্ষই আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নীরব ভূমিকা পালনের অভিযোগ করেছে।লালমোহন ডাকবাংলো হলকক্ষে বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সময়ের মতো লালমোহনের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত করছে বিএনপি। ফলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ভীতি ও শঙ্কা বিরাজ করছে। সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে পিটিয়ে আহত করার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ তোলা হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করা হয়। বুধবার বিকেল পাঁচটায় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘সদ্য-সাবেক সাংসদ জসিম ও তাঁর পেটোয়া বাহিনী বিএনপির নেতা-কর্মীদের এলাকাছাড়া করতে যেখানে-সেখানে অতর্কিতে হামলা করছে। এ ক্ষেত্রে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা রাখছে না।’ অভিযোগের বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ফকির প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করলেও দোষ, আবার না করলেও দোষ। কী করতে পারি।’