বিএনপি ও আ.লীগের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর
বাগেরহাটে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপির একটি কার্যালয় ও কার্যালয়ে থাকা চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আওয়ামী লীগের একটি কার্যালয়ে ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও উভয় পক্ষের ২০ জন আহত হন।
গত শনিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও উভয় দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে মুক্ষাইট বাজারে অবস্থিত গোটাপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় সভা আহ্বান করা হয়। সভায় দলের নেতা-কর্মীরা যোগ দেন। একই সময়ে সেখান থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থিত বিএনপির গোটাপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়ন কার্যালয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলমসহ দলের বেশ কয়েকজন নেতা-কর্মী বসে ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির কয়েকজন কর্মীর সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন কর্মীর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর জের ধরে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের ধাওয়া করেন এবং বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে বিএনপির কর্মীরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বিএনপির কর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালান। তাঁরা তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করেন।
এরপর আওয়ামী লীগের কর্মীরা পুনরায় বিএনপির কার্যালয়ে হামলা চালান। তাঁরা ওই কার্যালয় ও কার্যালয়ের কাছে থাকা চারটি মোটরসাইকেলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষ চলাকালে সাত-আটটি গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
সংঘর্ষ চলাকালে বাগেরহাট-চিতলমারী সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন এবং পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হন। গুরুতর আহত আবদুর রাজ্জাক, আনোয়ারুল হক ও সোহেল হালদার নামের আওয়ামী লীগের তিন কর্মীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, এ ঘটনায় আওয়ামী লীগের দুজন নেতা ও আহত বাগেরহাট মডেল থানার এসআই কামরুল ইসলাম বাদী হয়ে হয়ে পৃথক তিনটি মামলা করেছেন। পুলিশ গতকাল সোমবার পর্যন্ত এসব মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে।