দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিথেন্দ্রনাথ সাহা ও দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী সরকার ওরফে টুটুলকে বহিষ্কার করা হয়েছে।
লিয়াকতকে সহায়তা করার অভিযোগে বিরামপুরে আওয়ামী লীগের আরও দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বগুড়ার শেরপুরে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচন: গতকাল বিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করে কেন্দ্রের নির্দেশে লিয়াকত আলী সরকারসহ তিনজনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। অপর দুজন হলেন উপজেলা কমিটির সদস্য হোসেন আলী সরকার ও দিওড় ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বকুল হোসেন।
গত ২৭ জানুয়ারি কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ কবীরকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয়ভাবে সমর্থন দেওয়া হয়। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল আলম জানান, তৃণমূল, উপজেলা ও জেলা নেতাদের সব প্রচেষ্টা ও সিদ্ধান্তকে উপেক্ষা করে ‘বিদ্রোহী প্রার্থী’ হওয়ায় কেন্দ্রের নির্দেশে গঠনতন্ত্র অনুযায়ী লিয়াকত আলীকে বহিষ্কার করা হয়েছে। আর তাঁকে সহায়তা করার অভিযোগে হোসেন আলী সরকার ও বকুল হোসেনকেও বহিষ্কার করা হয়েছে।
লিয়াকত আলী সরকার দাবি করেন, উপজেলা কমিটির বহিষ্কারের সিদ্ধান্ত সঠিক নয়।
আত্রাই উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের দুই নেতা এবাদুর রহমান ও বিথেন্দ্রনাথ সাহা মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে তৃণমূল নেতাদের ভোটে বর্তমান চেয়ারম্যান এবাদুর রহমানকে সমর্থন দেয় দল। দলীয় সিদ্ধান্ত না মানায় গত শনিবার উপজেলা আওয়ামী লীগের এক সভায় বিথেন্দ্রনাথ সাহাকে বহিষ্কার করা হয়।
বিথেন্দ্রনাথ সাহা জানান, বহিষ্কারের বিষয়ে তিনি কিছু জানেন না, তবে শুনেছেন।
অন্য দলের প্রার্থীর পক্ষে প্রচারণা: বগুড়ার শেরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপির ১৪ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাত আটটায় দলের উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করা হয়। এঁরা হলেন কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম সিরাজ, সাধারণ সম্পাদক সহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম; খামারকান্দির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রকিব; বিশালপুরের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম; সুঘাটের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুকুল এবং শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মোন্নাফ, সাধারণ সম্পাদক পারভেজ আহমেঞ্চদ ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খোন্দকার মাহবুবার রহমানকে সমর্থন দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা জামায়াত-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
কুসুম্বী ইউনিয়নের বিএনপির সভাপতি শাহ আলম সিরাজ বলেন, অন্যায়ভাবে তাঁদের বহিষ্কার করা হয়েছে। তিনি দাবি করেন, দলের আগের সিদ্ধান্তে তিনিসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জামায়াত-সমর্থিত প্রার্থী দবিবুর রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বিরামপুর (দিনাজপুর), বাগমারা (রাজশাহী) ও শেরপুর (বগুড়া) প্রতিনিধি