বিএনপি ও আ.লীগের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
বগুড়ার ধুনট উপজেলায় দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং বিএনপি-আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মথুরাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গোপন বৈঠকে আওয়ামী লীগের চারজন নেতাকে হত্যার পরিকল্পনার অভিযোগে ইউনিয়ন যুবলীগের সদস্য সোহেল রানা এ মামলা করেন।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সিনিয়র সহসভাপতি মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান শুক্রবার রাত ১০টায় তাঁর নিজ কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। ওই বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হোসেন সরকার, কৃষক লীগের সভাপতি চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক সেলিম রেজাকে হত্যার পরিকল্পনা করা হয়। এ ছাড়া নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে এলাকার আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করা হয় বৈঠকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মাহফুজার রহমান, রাশেদ আহম্মেদ, সুইট সরকার, বিএনপির কর্মী কামরুজ্জামান, আবদুস সালাম এবং আওয়ামী লীগে সদ্য যোগদানকারী রাশেদ খান ও চৌকিবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মজনু মিয়াকে বৈঠক থেকে গ্রেপ্তার করে শনিবার সকালে জেলহাজতে পাঠায়। বিএনপির নেতারা এ ধরনের বৈঠক করায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সোহেল রানা বাদী হয়ে গতকাল রোববার সকালে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে থানায় মামলা করেন।মামলায় মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোসাইবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মহিদুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৩ জন নেতা-কর্মী এবং আওয়ামী লীগের দুই নেতাকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে শুক্রবার রাতে গ্রেপ্তারকৃত সাতজনকে পুলিশ এরই মধ্যে জেলহাজতে পাঠিয়েছে।বিএনপির নেতা মথুরাপুর ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘শুক্রবার রাতে আমার পরিষদ কার্যালয়ে কোনো গোপন বৈঠক হয়নি। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা একে অন্যের বন্ধু হিসেবে পরিষদ ভবনের ছাদে বসে গল্প করছিলেন। সেখান থেকে দুই দলের সাতজন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি সেখানে ছিলাম না। আওয়ামী লীগের নেতারা আমার সম্মান ক্ষুণ্ন করার জন্য এই মিথ্যা মামলা দায়ের করেছে।’ধুনট থানার পরিদর্শক তোজাম্মেল হক জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সোহেল রানা ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।