ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে (ইউপি) সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছেন বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীরা। গত সোমবার রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়ন ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে কাল বৃহস্পতিবার এখানে ভোট।
জানা যায়, দ্বিতীয় ধাপে সদর উপজেলার রাজাপুর, পূর্ব ইলিশা ও কাচিয়া ইউপিতে ভোট হবে। তিন ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন। আওয়ামী লীগ তিনটি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী দিলেও বিএনপি শুধু রাজাপুর ও পূর্ব ইলিশা ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। প্রার্থী না দেওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, আওয়ামী লীগের হুমকি-ধমকিতে কাচিয়া ইউনিয়নে কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। তিনি আরও বলেন, তাঁদের প্রার্থীর প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থীরা বাধা দিচ্ছেন। পাশাপাশি ভোটারদের ওপেন ভোট (প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল) দিতে বলছেন।
বিএনপির নেতা ফারুক মিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘আমি মনোনয়নপত্র দাখিল করতে না চাইলে গ্রামবাসী আমার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা বলেন, কোনো দায়িত্বশীল নেতা-কর্মী ভোটারদের ওপেন ভোট দিতে বলবেন না। এটি প্রতিপক্ষের প্রচারণা।
সরেজমিনে জানা যায়, রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেজাউল হক। চেয়ারম্যান হওয়ার পর গত পাঁচ বছর এলাকার মানুষের খোঁজ নেননি তিনি। তবু মানুষ তাঁর পক্ষে। কারণ রেজাউল হক রামদাসপুরের ছেলে। এ ইউনিয়নের ৭০ শতাংশ ভোটার রামদাসপুর গ্রামের। অন্যরা রাজাপুর ও বঙ্গেরচরের। গ্রামপ্রীতির ইস্যুতে ভোটের পাল্লা ভারী হলেও রেজাউল হকের মাঠে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রচারের শুরুতেই কয়েক দফা হামলার শিকার হয়েছেন। গত রোববার তাঁর মাইক ভেঙে ফেলেন আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান খানের লোকজন।
রেজাউল হক বলেন, ‘আমার মোটরসাইকেল প্রতীকের প্রচারে নৌকার লোকজন বাধা দিচ্ছেন; আমি বাধা দিলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। তার পরিণাম ভালো হবে না।’ রামদাসপুরের আরেক সন্তান বিএনপি মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার। তিনি প্রকাশ্যে ভোট চাইতে পারছেন না বলে জানান। তিনি বলেন, ‘এখনো গায়ে হাত পড়েনি। তবে প্রতিনিয়ত হুমকিতে আছি।’ তবে মিজানুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন।
ইউনিয়ন দুটি ঘুরে দেখা যায়, নৌকা ছাড়া অন্য চেয়ারম্যান প্রার্থীদের কোনো পোস্টার নেই। মোড়ে মোড়ে কাঠের নৌকা ঝুলছে।
সরেজমিনে জানা যায়, অধিকাংশ ভোটার ভোটকেন্দ্রে না যাওয়ার পক্ষে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনসভায় ও বাড়ি বাড়ি গিয়ে বলছেন, চেয়ারম্যান ভোট ওপেনে, মেম্বারের ভোট গোপনে দিতে হবে। এ অবস্থায় শঙ্কিত ভোটার পূর্ব ইলিশা রোদেরহাটের মোতাহার হোসেন (৭৬) বলেন, ‘বোটকেন্দে গিয়া ইজ্জত হারানের কী কাম?’ এ ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. সিরাজ বর্তমান চেয়ারম্যান। তিনি বলেন, ‘একদিন লিফলেট বিতরণ করতে গিয়ে আওয়ামী লীগের কর্মী ও পুলিশের ধাওয়া খেয়েছি। লাঠিচার্জ করে ভোটারদের নদীতে ফেলে দেয় পুলিশ। পুলিশ মাইকিং করতে দিচ্ছে না।’
ভোলা থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, প্রচারের সময় বেলা দুইটা থেকে রাত আটটা। কিন্তু বিএনপির প্রার্থী দুপুর ১২টায় মাইক নামান। এ জন্য বাধা দেওয়া হয়েছে।
পূর্ব ইলিশা ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী হাসনাইন আহমেদ ওরফে হাসান বলেন, বিএনপির প্রার্থী মো. সিরাজ মনোনয়নপত্র দাখিলের পর ঢাকায় সময় কাটিয়েছেন। গত শনিবার এলাকায় এসে বাড়িতেই দিন কাটাচ্ছেন। তিনি প্রচারণায় না নেমে বাধার অভিযোগ তুলছেন।