বিএনপি ও ছাত্রদলের একাংশের ইফতারে অন্য অংশের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের একাংশের আয়োজিত ইফতার অনুষ্ঠান দলের অপর অংশের কর্মীদের হামলায় পণ্ড হয়ে গেছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাঙ্গামায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। দলীয় সূত্র ও এলাকাবাসী জানান, গত শুক্রবার উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের একাংশের আয়োজনে স্থানীয় সাপুয়া উচ্চবিদ্যালয়ের চত্বরে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিক আহমঞ্চদ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিন ছিলেন এই ইফতার আয়োজনের মূল উদ্যোক্তা। কিন্তু অনুষ্ঠানের পাশের বাড়িটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী বিল্লাহর হলেও তাঁকেও দাওয়াত দেওয়া হয়নি। এতে তাঁরা ক্ষিপ্ত হন। ইফতারের সব আয়োজন যখন শেষ, ঠিক সেই মুহূর্তে ছাত্রদলের স্থানীয় কর্মী দিদার ও পিয়াসের নেতৃত্বে একদল নেতা-কর্মী ইফতার অনুষ্ঠানে হামলা করে ইফতারসামগ্রী পাশের পুকুরে ফেলে দেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাঙ্গামায় অন্তত পাঁচজন কর্মী আহত হন। তাঁদের মধ্যে শাহ পরান (২৭) ও বাবুলের (২৮) নাম জানা গেছে। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন হায়দার জানান, তিনি ইফতার অনুষ্ঠানে হামলা ও অনুষ্ঠান পণ্ডের ঘটনা শুনেছেন। তিনি বলেন, ‘যাঁরা অন্যদের বাদ দিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাঁরা ভুল করেছেন। আর যাঁরা হামলা করে রোজাদারদের ইফতারসামগ্রী নষ্ট ও অনুষ্ঠন পণ্ড করেছেন, তাঁরাও ভুল করেছেন।’