বিএনপি ও ছাত্রদলের ওপর আ.লীগ ও ছাত্রলীগের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঝালকাঠির রাজাপুর ও গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও ছাত্রদলের শোভাযাত্রায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুই জায়গায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। ঝিনাইদহে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে বিএনপির আলোচনা সভার মঞ্চ ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় তিনজন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।ঝালকাঠি: বিজয় দিবস উপলক্ষে রাজাপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা গতকাল সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করেন। একই সময় একই উপলক্ষে শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শোভাযাত্রা দুটি বাইপাস মোড়ে পৌঁছার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ এগিয়ে গেলে তাদের লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এতে পুলিশের তিনজন কর্মকর্তা ও দুজন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন, উপজেলা যুবদলের সভাপতি নাসিম আকন, ছাত্রদলের নেতা মো. মামুন, জাহিদ হোসেন, মো. রাসেল, রাসেল সিকদার, ইলিয়াছ হোসেন, গিয়াস উদ্দিন, দৈনিক নয়াদিগন্ত-এর উপজেলা প্রতিনিধি এনামুল হক, বিপ্লবী বাংলাদেশ-এর রাজাপুর প্রতিনিধি কাওছার হোসেন, রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) হালিম তালুকদার ও আরিফ হোসেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাইনুল হাসান। আহত ব্যক্তিদের মধ্যে নাসিম আকনকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, আওয়ামী লীগের শোভাযাত্রা থেকেই তাঁদের ওপর হামলা চালানো হয়।তবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খাইরুল আলম সরফরাজ দাবি করেন, বিএনপির মিছিল থেকেই তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেনসহ পাঁচজন নেতা-কর্মী আহত হন। রাজাপুর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ খালেক জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনার পর বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা রাজাপুর-আমুয়া সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।শ্রীপুর (গাজীপুর): উপজেলা বিএনপির নেতারা জানান, গতকাল বেলা ১১টার দিকে দলের নেতা-কর্মীরা শহরে একটি বিজয় শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে পৌঁছানোর পর ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়াসহ ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।তবে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল আলম মোড়ল জানান, বিএনপির মিছিল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান।ঝিনাইদহ: জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, বিজয় দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় ওয়াজির আলী হাইস্কুল মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেলে কর্মী-সমর্থকেরা সেখানে জড়ো হওয়ার পর সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করেন।তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানিয়েছেন, ওই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের কেউ জড়িত নন। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুল ইসলাম জানান, এক দল যুবক মঞ্চ ভাঙচুর করেছেন জানতে পেরে সেখানে তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম জানান, বিজয় দিবস উপলক্ষে ছাত্রদলের নেতা-কর্মীরা সকাল ১০টার দিকে মুক্তবাংলা স্মৃতি ভাস্কর্যে ফুল দিতে যান। ফুল দিয়ে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁদের ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে সংগঠনের কর্মী মিজানুর রহমান, রতন, নাজমুল ইসলাম আহত হন।তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন বলেন, ‘সকালে ফুল দেওয়ার সময় মুক্তবংলার সামনে জাসদ ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা সেটা সমাধান করে দিই। কারও গায়ে হাত দেওয়া হয়নি।’