বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গত শনিবার সন্ধ্যায় বিএনপি ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকেলে দৌলতখান পৌর বিএনপির সভাপতি হারুন অর রশিদ খানের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দৌলতখান আবু আব্দুল্যাহ কলেজের ছাত্রলীগ সভাপতি মির্জা আব্বাস মিরাজের নেতৃত্বে কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালান। বিএনপির অঙ্গ-সংগঠনের কর্মীরাও ছাত্রলীগ কর্মীদের বাধা দেন। এ সময় সংঘর্ষে দৌলতখান ছাত্রদলের সভাপতি আবদুস সামাদ, কলেজ ছাত্রদলের সহসভাপতি আজমির হোসেন, হারুন অর রশিদ, সুমন খানসহ ১৬-১৭ জন আহত হন। তাঁরা স্থানীয় ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদার বলেন, ছাত্রলীগের কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে প্রতিবাদ সভায় উপস্থিত ২৫ কর্মীকে বেধড়ক পেটান এবং শতাধিক চেয়ার ভাঙচুর করেন। জেলা পর্যায়ের নেতারা বিএনপি কার্যালয়ের ভেতর রাত আটটা পর্যন্ত অবরুদ্ধ ছিলেন। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মির্জা আব্বাস বলেন, ‘আমাদের কর্মীরা বিএনপির প্রতিবাদ সভার পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্রদলের কর্মীরা কটূক্তি করেছেন। এ কারণে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মীরা তাঁদের ধাওয়া করেন। এ সময় বিএনপির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে তাঁদের পাঁচ কর্মী আহত হয়ে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’ দৌলতখান থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, বিএনপি রাস্তার কিছু অংশ দখল করে প্রতিবাদ সভা করছিল। তা নিয়ে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে কথা-কাটাকাটি, ধাওয়া পাল্টা-ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।