বিএনপি ও জাপার প্রতিক্রিয়া আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে গত কয়েক দিন ছিল পুলিশের সতর্ক পাহারা। প্রধানমন্ত্রীর ভাষণের পর গতকাল রাত সাড়ে আটটার দৃশ্য ষ ছবি: প্রথম আলো
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে গত কয়েক দিন ছিল পুলিশের সতর্ক পাহারা। প্রধানমন্ত্রীর ভাষণের পর গতকাল রাত সাড়ে আটটার দৃশ্য ষ ছবি: প্রথম আলো

নির্বাচনের সময় সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে প্রধান বিরোধী দল বিএনপি। এ বিষয়ে আজ শনিবার দলটি প্রতিক্রিয়া জানাতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
বর্তমান জাতীয় সংসদের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিও আজ সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে। দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে এ কথা বলেছেন।
তবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী গত রাতেই প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে। দলটি ২৪ অক্টোবরের আগেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, এ ভাষণ জাতির কাছে গ্রহণযোগ্য নয়। জনগণের আন্দোলন বানচাল করার হীন উদ্দেশ্যেই তিনি সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন। দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।
গতকাল শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন। তিনি এ মন্ত্রিসভার জন্য বিরোধী দলের সদস্যদের নাম চেয়েছেন।
প্রধানমন্ত্রীর ভাষণের পরপর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গত রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছি। সেটি পর্যালোচনা করব। দলে সেটি নিয়ে আলোচনা হবে। এরপর আমরা প্রতিক্রিয়া জানাব।’ কবে নাগাদ প্রতিক্রিয়া জানাবেন—জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘খুব দ্রুতই আমরা প্রতিক্রিয়া জানাব।’
অবশ্য রাতে মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসায় সাক্ষাৎ শেষে উপস্থিত গণমাধ্যমের কর্মীদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দলীয় সরকার বহাল রেখে বিরোধী দলের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রস্তাব করেছেন, তাতে সরকারপ্রধানের বিষয়ে কোনো কথা নেই। এ রকম প্রস্তাব আগেও তিনি লন্ডনে অবস্থানের সময় দিয়েছিলেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপিসহ সব বিরোধী দল ও বাংলাদেশের জনগণ নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার রয়েছে। বিষয়টি জাতি, জনগণ ও গণতন্ত্রের জন্য বর্তমান ও ভবিষ্যৎ-সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু।
প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান কিংবা বর্জন করছেন কি না—এ প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘আমি যা বলেছি, এটাই আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এর বেশি কিছু আমরা এখন বলছি না।’
বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আছে। কাল রোববার ১৮ দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। দুটি বৈঠকই খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে হবে। এ ছাড়া আজ বেলা তিনটায় লেডিস ক্লাবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করবেন। সেখানেও তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে কথা বলতে পারেন।