বান্দরবানের দুই পৌরসভায় মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা-এরশাদ)। তবে সদর পৌরসভায় দলীয় মনোনীত প্রার্থীকে না দিয়ে কেন্দ্র থেকে বর্তমান মেয়র জাবেদ রেজার প্রার্থিতা চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় নেতারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেছেন, জেলা বিএনপি থেকে তাঁরা বান্দরবান সদর পৌরসভায় জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইসলামের নাম কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু বর্তমান মেয়র জাবেদ রেজা মনোনয়ন পেয়েছেন। লামা পৌরসভায়ও বর্তমান মেয়র আমির হোসেন বিএনপির প্রার্থী হয়েছেন।
যুবদলের কেন্দ্রীয় উপজাতি-বিষয়ক সম্পাদক মংশৈ ম্রই মারমা বলেছেন, ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচনে জাবেদ রেজার পক্ষে সবাই কাজ করবেন বলেই আশা করা হচ্ছে।
জাবেদ রেজা বলেছেন, তিনি দলের সবাইকে নিয়ে, বিশেষ করে বিএনপির জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচনের কাজ করে যাবেন।
জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক শওকত জামান বলেছেন, তাঁরা সবদিক বিবেচনা করে পরিচ্ছন্ন ভাবমূর্তির সাবেক মেয়র মিজানুর রহমানকে প্রার্থী করেছেন। তবে লামা পৌরসভায় তাঁদের কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না।
মিজানুর রহমান বলেন, পৌর জাতীয় পার্টির বাইরেও দল-নিরপেক্ষ সবার আকাঙ্ক্ষায় প্রার্থী হয়েছেন তিনি।