১৮-দলীয় জোটের বিগত ৬০ ঘণ্টার হরতালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে পুলিশ ‘বিশেষ অভিযানের’ নামে আবারও ধরপাকড় শুরু করেছে। অভিযানে শুক্রবার রাত থেকে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং জামায়াত-শিবিরের ৫২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে হরতাল চলাকালে বহু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়-এর পাঠানো খবর:
রাজশাহী: নগরে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ২১ জন জামায়াত-শিবিরের ও ১৫ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী। গত শুক্রবার রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। একে গণগ্রেপ্তার দাবি করে বিএনপির নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, আন্দোলন দমানোর জন্যই নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।
বাগেরহাট: মোরেলগঞ্জে পুলিশ জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ছবির আহমেঞ্চদ (৪৬), পৌর আমির নেছার উদ্দিন (৪৩), কর্মী মো. রফিকুল ইসলাম (৩৪) ও মো. মাহাবুবুর রহমান (৩৫)।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, কেন্দ্রীয় কর্মসূচি সামনে রেখে গ্রেপ্তারকৃতরা হামলা, ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছিলেন। তবে জেলা জামায়াতের সেক্রেটারি শেখ আবদুল ওয়াদুদ এই অভিযোগ অস্বীকার করেছেন।
নীলফামারী: জেলা সদরের রামগঞ্জ এলাকা থেকে জামায়াতের দুই কর্মীকে পুলিশ গতকাল ভোরে গ্রেপ্তার করেছে। নাশকতা সৃষ্টিসহ পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, সুলতান আলী (৪০) ও রবিউল ইসলাম (৩৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেঞ্চদ জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাথরঘাটা (বরগুনা): উপজেলা পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম: হরতালে ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াত-শিবিরের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নগরের ৩৮ নম্বর ওয়ার্ড জামায়াতের অর্থ সম্পাদক মাহমুদ হাকিম ও শিবিরের কর্মী রবিউল ইসলাম। শুক্রবার রাতে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মিরসরাইয়ে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নাহেরপুর গ্রামের শরিফুল ইসলাম (২১), বড়তাকিয়া এলাকার ইমামুল ইসলাম (১৯), বরইয়া মুন্সিপাড়া গ্রামের নুরুল ইসলাম (৪০) ও পূর্ব জোয়ার গ্রামের ফিরোজ খান (২৬)।
মিরসরাই আন্তমাদ্রাসা ফেডারেশনের সভাপতি মো. ছলিম উদ্দিন অভিযোগ করেন, শুক্রবার রাতে পুলিশ তাঁর বাড়িতে হামলা করে তিনটি দরজা ভেঙে ফেলেছে। পরে তাঁকে না পেয়ে ভাতিজা শরিফুল ইসলাম ও অতিথি ইমামুল ইসলামকে ধরে নিয়ে যায়।
জুড়ী (মৌলভীবাজার): উপজেলায় শুক্রবার রাতে শিবিরের তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন চম্পকলতা গ্রামের দেলোয়ার হোসেন (২৬), গৌরীপুরের হোসাইন আহমদ (২৫) ও আমতৈলের দেলোয়ার হোসেন (২৪)।
মতলব: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ. রশিদ পাটোয়ারীকে আটক করা হয়েছে। গতকাল রাত আটটায় টিঅ্যান্ডটি এলাকায় তাঁর নিজ বাসা থেকে তাঁকে আটক করে পুলিশ। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা মো. জাহাঙ্গীর আলম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আট-দশ দিন আগে উপজেলার কালিয়াইশ গ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়।