১৮-দলীয় জোটের হরতাল চলাকালে গত বৃহস্পতিবার সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ৭৮ জনের নাম উল্লেখসহ বিএনপি ও জামায়াত-শিবিরের মোট ৩০০ নেতা-কর্মীকে এ মামলায় আসামি করা হয়েছে।সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন। তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ভোরে বিএনপি ও জামায়াত-শিবিরে নেতা-কর্মীরা মিছিল সহকারে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় গিয়ে রাস্তা খোঁড়া শুরু করেন। এ সময় সাতক্ষীরা সদর থানার পুলিশ কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের লক্ষ্য করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেন। উভয় পক্ষের সংঘর্ষের একপর্যায়ে হরতাল-সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে কনস্টেবল আনিসুর রহমান গুলিবিদ্ধ হন। আহত হন আরও দুই পুলিশ সদস্য।শহীদুল ইসলাম আরও জানান, পুলিশের ওপর হামলা, গুলি করে হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগে তিনি মামলাটি করেছেন। মামলায় সদর উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় লাবসা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল আলীসহ মোট ৭৮ জন বিএনপি ও জামায়াত-শিবির কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মোট ৩০০ জনকে আসামি করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।